প্রেসকার্ড ডেস্ক: নন্দীগ্রামে ভোটে সাহায্য চেয়ে বিজেপির স্থানীয় নেতাকে ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথম দফার ভোটগ্রহণের দিন প্রকাশ্যে এল সেই ফোনের রেকর্ডিং।সেই রেকডিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কণ্ঠস্বরে বিজেপি নেতা প্রলয় পালের সঙ্গে কথা বলছেন এক মহিলা। প্রলয়বাবুর দাবী করেন যে, এই কণ্ঠস্বর মমতা বন্দ্যোপাধ্যায়েরই।
ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে বিজেপি নেতার সাহায্য চাইতে শোনা যাচ্ছে । প্রায় ৩ মিনিটের এই কথোপকথনে প্রলয়বাবুকে মমতা বলেন, ‘তুমি অনেক ইয়ং ছেলে। অনেক কাজ কর আমি জানি সব কিছু।তুমি একটু আমাদের হয়ে কাজ করে দাও না। সাহায্য করে দাও না। তুমি দেখবে কোনও অসুবিধে হবে না।’
এরপরই তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগ করেন প্রলয়বাবু। তিনি জানান, অধিকারী পরিবারের সঙ্গে তার ৪০ বছরের সম্পর্ক। বিশ্বাসঘাতকতা করতে পারবেন না। পাল্টা মমতা বলেন, দীর্ঘদিন ওখানে জমিদারি চালাতো। আমি অত খবর রাখতাম না। এখন সব খবর রাখছি। শেষে ফোন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান প্রলয়বাবু।তিনি বলেন, ‘আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত বড় নেতৃত্ব হওয়া সত্ত্বেও আপনি আমার মতো সাধারণ কর্মীকে ফোন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু দিদি আপনাকে ক্ষমা করবেন।’
এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন প্রলয়বাবু,তিনি বলেন, ‘সিপিএমের অত্যাচারের দিনেও অধিকারী পরিবার আমাদের পাশে ছিল।তাই তাদের সঙ্গে বেইমানি করতে পারবো না। আমি বিজেপিতে যোগদান করলেও তাদের বিরুদ্ধে কোনও কথা বলিনি। আমরা বিজেপি করি দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত’।

No comments:
Post a Comment