নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর: বুধবার অর্থাৎ আজ দুই দিনাজপুর জেলা সফরে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা অনুষ্ঠিত হবে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে। সভা ঘিরে প্রস্তুতি প্রায় শেষ।
তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে। মূল মঞ্চে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য ও দুই জেলা নেতৃত্ব। পাশের মঞ্চে উপস্থিত থাকবেন জেলা ও ব্লক স্তরের তৃণমূল নেতা-নেত্রীরা।
দলীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে হেলিকপ্টারে চেপে পলেটেকনিক্যাল ময়দানে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে পায়ে হেঁটে পার্শ্ববর্তী স্টেডিয়াম ময়দানের সভামঞ্চে উপস্থিত হবেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মী থেকে শুরু করে জেলা নেতৃত্বের কাছে বার্তা দেবেন। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে তার ছবি দেওয়া পোস্টার-ব্যানারে ভরে যায় রায়গঞ্জের শহরে বিভিন্ন রাজপথ। রায়গঞ্জের সভা শেষ করে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে মালদার সভা স্থলে যোগ দিতে যাবেন।

No comments:
Post a Comment