নিজস্ব সংবাদদাতা, মালদা: মালদার ইংরেজবাজার শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ি গোসাইঘাট এলাকার পরিত্যাক্ত একটি বাড়ী থেকে বিষধর একটি গোখরো সাপ উদ্ধার করলেন সর্পপ্রেমী নিতাই হালদার।
বুধবার সকালে এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ওই সাপটি উদ্ধার করেন নিতাই। তিনি জানিয়েছেন, আজই তিনি এই সাপটিকে কোনও জঙ্গলে ছেড়ে দেবেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই এলাকার এই পরিত্যাক্ত বাড়ীতে বিষধর এই সাপটি ঘোরাফেরা করছিল। ফলে ওই বাড়ীর আশেপাশের বাসিন্দারা রীতিমতো আতঙ্কে ছিলেন। এদিন সকালে ফের সাপটিকে ওই বাড়ীতে ঘোরাফেরা করতে দেখেন প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে তারা খবর দেন পুরাতন মালদার সর্পপ্রেমী নিতাই হালদারকে। নিতাই হালদার সকালেই ছুটে আসেন এবং সাপটিকে উদ্ধার করেন।
নিতাই হালদার বলেন, 'মানুষ এখন অনেক সচেতন হয়েছে। তাই সাপটিকে না মেরে উদ্ধারের জন্য আমাকে খবর দিয়েছেন। সাপটিকে আজ আমি জঙ্গলে ছেড়ে দেব। এটি বিষধর গোখরা সাপ।'

No comments:
Post a Comment