মুম্বাইয়ের ভারসোভা কবরস্থানে চিরশায়িত হলেন অভিনেতা ইরফান খান। বুধবার (২৯ এপ্রিল) বিকাল ৩টায় তাকে দাফন করা হয়। তার পরিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আরোপিত অবরোধের (লকডাউন) কারণে ইরফানের জানাজা ও দাফনে পরিবার, স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরা ছাড়া দূরের কেউ অংশ নিতে পারেননি। উপস্থিত প্রত্যেকে শেষ শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শোক প্রকাশ করেছেন। এখানে কড়া নিরাপত্তা রাখতে পুলিশ মোতায়েন করা হয়।
দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে হেরে গেছেন ইরফান খান। বুধবার (২৯ এপ্রিল) সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৪ বছর। কোলন সংক্রমণের কারণে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
হাসপাতালে ইরফানের পাশে ছিলেন স্ত্রী সুতপা সিকদার এবং দুই ছেলে বাবিল ও আয়ান। বুধবার দুপুরে অ্যাম্বুলেন্সে করে ইরফানের মরদেহ কবরস্থানে নেওয়া হয়। এ সময় তারা অ্যাম্বুলেন্সেই ছিলেন। অ্যাম্বুলেন্সের একটি ভিডিও শেয়ার করেছেন ‘এক্সট্রাকশন’ ছবির অভিনেতা রণদীপ হুদা।ইরফানের ‘মকবুল’ ও ‘সাত খুন মাফ’ ছবির পরিচালক বিশাল ভরদ্বাজ দাফনে অংশ নিয়েছেন। তিনি বলেন, ‘আমরা তার শান্তির জন্য প্রার্থনা করি। আমরা আশা করি তিনি আজ আরও ভালো জায়গায় আছেন। তিনি দৃঢ় মনোবলের সঙ্গে লড়েছেন। তার প্রয়াণে আমাদের সবাইকেও মনোবল ধরে রাখতে হবে।’
বলিষ্ঠ অভিনেতা হিসেবে বড় পর্দায় নানান চরিত্র ফুটিয়ে তুলেছেন ইরফান খান। ‘পান সিং তোমর’ ছবিতে অনবদ্য নৈপুণ্যের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ২০১১ সালে ভারত সরকারের চতুর্থ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত করা হয় তাকে।
হলিউডে ‘স্লামডগ মিলিওনিয়ার’ ও ‘লাইফ অব পাই’র মতো বেশ কিছু ছবিতে কাজ করে বৈশ্বিক খ্যাতি এসেছিল ইরফানের মুঠোয়।

No comments:
Post a Comment