তিন ইতালিয়ান মহিলা হাজির পূর্ব বর্ধমানের গুসকরায়, এলাকায় চাঞ্চল্য - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 13 March 2020

তিন ইতালিয়ান মহিলা হাজির পূর্ব বর্ধমানের গুসকরায়, এলাকায় চাঞ্চল্য





চীনের পর ইউরোপে করোনার থাবা মারাত্মক আকার নিয়েছে গ্যালিলিওর দেশ ইতালিতে।এই অবস্থায় তিন ইতালিয়ান  মহিলা বৃহস্পতিবার হঠাৎ হাজির হয় পূর্ব বর্ধমানের  গুসকরায়। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শেষে প্রশাসনের তৎপরতায় তাঁদের এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।




গুসকরা ফাঁড়ির পুলিশের কাছে এদিন সকালে খবর যায় গুসকরা পুরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায়  তিনজন ইতালিয়ান নাগরিক রয়েছেন । খবর পেয়েই পুলিশ ও ব্লক প্রশাসনের প্রতিনিধিরা ছুটে যায় এলাকায়। তাঁরা ওই তিন ইতালিয়াল মহিলা ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন।



তিন পর্যটকের পাসপোর্ট, ভিসা খতিয়ে দেখা হয়। পুলিশ প্রসাসনের প্রতিনিধিরা মুখে মাস্ক হাতে গ্লাভস পড়ে সতর্কতার সঙ্গে তাঁদের সঙ্গে কথাবার্তা বলেন।  পুলিশ জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দিলে তাঁরা ভাতারের জামবনি এলাকায় একটি প্রকল্পের পরিদর্শনে যান। খবর পেয়েই ভাতারের জামবনি এলাকায় পৌঁছে যান ভাতারের বিডিও শুভ্র চট্টোপাধ্যায় ও ব্লক স্বাস্থ্য আধিকারিক সংঘমিত্রা ভৌমিক। তারপর প্রশাসনের নির্দেশে তাঁদের এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।



বৃহস্পতিবার সকালের দিকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার  তিন ইতালিয়ান মহিলা প্রতিনিধি  গুসকরা পুরসভা এলাকার ৪ নম্বর ওয়ার্ডে একটি আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের কাজ দেখতে যান। প্রশাসনের জিজ্ঞাসাবাদে তাঁরা জানান গত ২৭ ফেব্রুয়ারী  তাঁরা ইতালি থেকে দমদম বিমানবন্দরে নামেন। সেখানেই তাঁদের করোনা ভাইরাসের জন্য পরীক্ষানিরীক্ষা করা হয়। ছাড়পত্র মেলার পর তাঁরা ঝাড়খণ্ডে চলে যান।



 বুধবার বর্ধমানে আসার পর বর্ধমানের একটি হোটেলে রাত্রিবাস করে এদিন তাঁরা প্রথমে আউশগ্রামের একপাড়াডাঙ্গা এলাকায় একটি হোমে পরিদর্শনে গিয়েছিলেন। সেখান থেকে গুসকরায় যান। তারপর তাঁরা ভাতারের জামবনিতে আদিবাসীদের আয়োজিত একটি অনুষ্ঠানে যান।



 অনুষ্ঠানে ওই তিন বিদেশীনিকে বরন করে নেওয়ার সময়েই ভাতারের বিডিও ও ব্লক স্বাস্থ্য আধিকারিক পৌঁছান। তখনই অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। ওই সংস্থার পক্ষে শর্মিষ্ঠা সিংহরায় বলেন, ” যদিও করোনা নিয়ে প্রচণ্ড আতঙ্ক চলছে। কিন্তু এই তিন বিদেশীনি বিমানবন্দরে নামার পর তাঁদের স্বাস্থ্যপরীক্ষা করানো হয়েছিল। করোনার প্রমান না পাওয়ার পরেই তাঁদের ছাড়া হয়। তাই তাঁরা নিজেদের কাজে আসেন। তারা গরিব মানুদের জন্য কাজ করেন।”



এদিন তিন মহিলা তাঁদের স্বাস্থ্যপরীক্ষার প্রমানপত্র দেখান। যদিও তাদের নির্দেশ দেওয়া হয় জেলা ছেডে চলে যেতে। তারপর পুলিশ গুসকরা মানকর রোড দিয়ে এসকর্ট করে তাদের মানকর হয়ে ২ নম্বর জাতীয় সড়কের দিকে  এগিয়ে দিয়ে আসেন। তাঁরা ফের ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad