কোচবিহার থেকে উধাও ৭৩ টি মাধ্যমিকের ইংরেজি খাতা, আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, কোচবিহার তুফানগঞ্জ মহকুমার দেওচড়াই হাই স্কুলের ইংরেজি শিক্ষক উৎপল দাম তার দায়িত্বে থাকা মাধ্যমিক পরীক্ষার ৭৩ টি খাতা দিনহাটায় হেড এক্সামিনর এর কাছে পৌঁছে দিতে নিয়ে যাচ্ছিলেন। রাস্তায় বলরামপুর চৌপতি এলাকায় খাতাগুলি হারিয়ে যায়।
এই মর্মে ইতিমধ্যেই তুফানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষক উৎপল দাম। তবে সংবাদমাধ্যমকে তিনি সরাসরি কোনো বন্তব্য দিতে অস্বীকার করেন।
মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত কোচবিহার জেলার মাধ্যমিক পরীক্ষা পর্যবেক্ষক মিঠুন বৈশ্য বলেন, আমরা ইতিমধ্যেই পর্ষদের সাথে আলোচনা করেছি। গোটা বিষয়টি তাদের জানানো হয়েছে। লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে।প্রশাসন ও পুলিশ যৌথভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা খাতাগুলি খুঁজে বার করার চেষ্টা করছি, অবিলম্বে খাতাগুলি পাওয়া যাবে।
মধ্যশিক্ষা পর্ষদের উদাসীনতা নিয়ে এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছিল। মাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার খাতা যেটা সুরক্ষিত থাকার কথা সেটা কিভাবে হারিয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে। সেই সাথে প্রশ্ন উঠছে সেই ৭৩জন পরীক্ষার্থীর যাদের খাতা হারিয়ে গেছে।
শনিবার সকাল থেকেই এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে। শেষ পাওয়া খবরে, দেওচড়াই হাইস্কুলে তদন্ত করতে পৌঁছেছে তুফানগঞ্জ থানার পুলিশ। একইসাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার কারণে তদন্তে কিছুটা সমস্যা হচ্ছে।
তবে প্রাথমিকভাবে শিক্ষক উৎপল দাম কে জেরা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। কোচবিহার জেলা পুলিশ সুপার ডক্টর সন্তোষ নিম্বালকার বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে, তদন্ত শেষে পুরো বিষয়টি জানানো হবে।

No comments:
Post a Comment