স্কুলের ছাত্রীদের প্রতি দিনের পর দিন আপত্তিকর আচরনের অভিযোগে স্কুলের প্রধান শিক্ষককে স্কুলের গাছে বেঁধে রাখল পড়ুয়ারা । খবর পেয়ে পুলিশ ওই শিক্ষককে উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সিমলাপাল ব্লকের উন্তিশোল রসনাময়ী জুনিয়ার হাইস্কুলে। অভিযুক্ত প্রধান শিক্ষক গোটা ঘটনাটিকে চক্রান্ত বলে দাবি করেছেন।
উন্তিশোল রসনাময়ী জুনিয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক অরুন কুমার সিংহ মহাপাত্র দীর্ঘদিন ধরেই ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আচরন করেন বলে অভিযোগ। স্কুলের পড়ুয়াদের দাবি মাঝে মধ্যেই প্রধান শিক্ষক ক্লাস নেওয়ার নাম করে ক্লাস রুমে ঢুকে ছাত্রদের বের করে দেন। এরপর ছাত্রীদের গান করতে বলে। গান করার সময় ছাত্রীদের হাত ধরে টানা সহ প্রধান শিক্ষক তাদের সঙ্গে আপত্তিকর আচরন করেন বলেও অভিযোগ।
আজ এই ঘটনার পুনরাবৃত্তি হলে সমস্ত পড়ুয়া এক হয়ে ওই প্রধান শিক্ষককে স্কুল চত্বরেই একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে সিমলাপাল থানার পুলিশ স্কুলে গেলে অভিযুক্ত প্রধান শিক্ষকের কঠোরতম শাস্তির দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় পড়ুয়া ও এলাকার অভিভাবকরা।
গোটা ঘটনাটিকে সাজানো ও চক্রান্ত বলে দাবি করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক । পুলিশ জিজ্ঞাসবাদের জন্য ওই শিক্ষককে আটক করেছে।

No comments:
Post a Comment