ভোটপর্ব শেষ হতেই ফের নিজের ফর্মে ফিরলেন অভিনেতা দেব। অবশ্য রাজনীতির মঞ্চ হোক বা সিনেজগত সবেতেই সমানভাবে নিজের দক্ষতা প্রমাণ করে চেলছেন তিনি। এতদিন লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। সিনে ময়দানে নেমে বেশ খুশি অভিনেতা। টুইটারে আপলোড করেছেন সেই ছবি।
নিজের আসন্ন ছবি ‘পাসওয়ার্ড’র শুটিংয়ে নেমে পড়লেন দেব। পুরুলিয়াতে চলছে ছবির শুটিং। যেখানে কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে দাঁড়িয়ে ছবিটি তুলেছেন দেব। তাঁদের পিছনেই তৈরি হয়েছে শুটিং সেট। প্রসঙ্গত, ছবির শুটিংয়ের মাঝেই প্রচার শুরু করেছিলেন অভিনেতা। সপ্তাহ খানেক আগে দেবের টুইটার প্রোফাইলে একটি লিঙ্কে ক্লিক করলেই হ্যাকড হচ্ছিল সকলের ফেসবুক অ্যাকাউন্ট। এমনই এক লিঙ্ক তৈরি করেছিলেন অভিনেতা দেব।
এ বছরের ফেব্রুয়ারি মাসের একটি টুইটকে নিজের অ্যাকাউন্টে পিন (দেবের টুইটার খুললেই যে টুইটটি সকলে প্রথমে দেখতে পাবে তাকেই বলে পিনড টুইট) করে রেখেছিলেন। সেই লিঙ্কে লেখা ছিল এ বছর পুজোয় দেবের আসন্ন ছবিগুলির ডিটেলস জানতে ওই লিঙ্কে ক্লিক করুন। লিঙ্কটিতে ক্লিক করলেই লগ ইন উইথ ফেসবুক দেখাচ্ছিল। লগ ইন করলেই দেখাচ্ছিল, ‘আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়ে গিয়েছে’। কে, কোন আইপি অ্যাড্রেস থেকে হ্যাক করল সেই ডিটেলসও রয়েছে। সকলে বিষয়টি খানিক সিরিয়াসলি নিয়ে নিয়েছিল, তবে পুরো ঘটনাটি নিছকই মজা।
‘পাসওয়ার্ড’ ছবির প্রচারের অংশই হলো এই লিঙ্ক। হ্যাক হওয়ার পাশাপাশি ছবির পোস্টারও ভেসে আসছে। ‘কবীর’ ছবির পর ফের থ্রিলার নিয়ে ময়দানে নামলেন দেব। এবারের গল্প সাইবার ক্রাইমকে কেন্দ্র করে। দেব সহ ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন পাওলি দাম, পরমব্রত চট্টোপাধ্যায়, রুক্মিনী মৈত্র এবং অদ্রিত রায়। পোস্টারে দেখা গিয়েছিল দেব ছাড়া সকলেরই মুখে মাস্ক। ছবির ট্যাগলাইনে লেখা ‘ইউ আর বিং ওয়াচড’। অর্থাৎ আপানকে নজরে রাখা হচ্ছে। ট্যাগলাইনেও রহস্যের ছোঁয়া।
দেবকে ‘পাসওয়ার্ডে’ দেখা যাবে পুলিশ আধিকারিকের চরিত্রে। সাইবার টেররিস্টের চরিত্রে পরমব্রত, রুক্মিনী থাকছেন এথিকাল হ্যাকারের ভূমিকায় এবং পাওলিকে দেখা যাবে ওয়েব অ্যানালিস্ট হিসেবে। ছবিটির প্রযোজনায় রয়েছে ‘দেব এন্টারটেনমেন্ট ভেনচারস’। রহস্যে রোমাঞ্চে মোড়া এই ছবির স্ক্রিপ্ট নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2W8pUaK

No comments:
Post a Comment