বাঁকুড়া: দীর্ঘ প্রায় দুই বছর ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। অবশেষে মঙ্গলবার কোভিড বিধি মেনে পুনরায় শুরু হল পঠন-পাঠন। আর স্কুলের আঙ্গিনায় প্রবেশ করতেই দেখা গেল উৎসব মুখরিত পরিবেশ, ছাত্র-ছাত্রীদের কপালে পড়ল চন্দনের ফোটা, বাজলো শাঁখ, ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হল পড়ুয়াদের।
সেই চেনা ব্ল্যাকবোর্ড, চেনা চক-পেন্সিল, ফিরে পেতে করতে হয়েছিল দীর্ঘ সময়ের অপেক্ষা। বহু প্রতীক্ষার পর স্কুল-কলেজ খোলায় ছাত্র-ছাত্রীদের মুখে হাসির জোয়ার। সারা রাজ্যের পাশাপাশি এই ছবি ধরা পড়ল বাঁকুড়ার মেজিয়ার সুকান্ত স্মৃতি বিদ্যামন্দিরেও।
স্কুল শুরুর প্রথম দিনেই সাজ সাজ রব। ফুল দিয়ে সাজানো হয় গোটা স্কুল। স্কুলের গেটে ঢুকতেই ছাত্রছাত্রীদের কপালে পড়ল চন্দন পড়িয়ে, শঙ্খ ধ্বনি দিয়ে এবং পুষ্প বৃষ্টির মাধ্যমে স্কুল কর্তৃপক্ষের তরফে ছাত্র-ছাত্রীদের বরণ কর নেওয়া হয়। দেওয়া হয় উপহারও।
এসবের পাশাপাশি স্কুলের দেওয়ালে দেওয়ালে কোভিড সচেতনতার বার্তা দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে। কোভিড আতঙ্ককে দূর করতেই স্কুল চত্বরে এই নতুন শিক্ষার উৎসবের আনন্দ দিতে স্কুলে এই ধরনের উদ্যোগ, দাবী স্কুল কর্তৃপক্ষের। আর বিদ্যালয়ের এই সকল উদ্যোগে যথেষ্টই আপ্লুত ও আনন্দিত পড়ুয়ারাও।
No comments:
Post a Comment