নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: বনগাঁ ব্লকের চৌবেড়িয়া ২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে সম্প্রতি অনাস্থা প্রস্তাব এনেছিলেন পঞ্চায়েতের ৮ জন সদস্য। এই ৮ জন সদস্যের মধ্যে ২ জন সদস্য বিজেপি সদস্য রয়েছে। বৃহস্পতিবার চৌবেড়িয়া ২ গ্রাম পঞ্চায়েত অফিসে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। সেখানে বিজেপির অন্য পঞ্চাতে সদস্যরা কেউ উপস্থিত ছিলেন না৷
প্রশাসন জানিয়েছে, যে ৮ জন সদস্য উপস্থিত ছিলেন সকলেই প্রধানের বিরুদ্ধে ভোট দিয়েছেন। অনাস্থা প্রস্তাব পাস হয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ই আগষ্ট বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিল পঞ্চায়েতের ১৪ জনের মধ্যে ৮ জন সদস্য। ৩১শে আগষ্ট প্রধানের বিরুদ্ধে অনাস্থা বৈঠক ডেকে ছিল প্রশাসন। বিজেপি এই ভোটের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিল। সেই ভোটাভুটিকে কেন্দ্র করে বিতর্ক এবং গোলমাল ছড়িয়েছিল পঞ্চায়েত এলাকায়। বিজেপি দাবী করেছিল, আদালতের স্থগিতাদেশ অমান্য করে গায়ের জোরেই ভোটাভুটি করা হয়েছে।
এদিনে ফের নতুন করে ভোটাভুটি প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালত অনাস্থা ভোটের ওপরে কোন স্থগিতাদেশ দেয় নি। কিছু কাগজপত্রে সমস্যা ছিল। তাই নতুন করে ভোট করবার কথা বলেছিল আদালত। আদালতের নির্দেশে মান্যতা দিয়ে এদিন ভোটাভুটি হয়েছে।
বিজেপির পক্ষ থেকে এদিন ভোটদানে উপস্থিত না থাকা প্রসঙ্গে বিজেপি নেতা রাম পদ দাস বলেন, "তৃণমূল ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে আমাদের দুজন মেম্বারকে ওদের সঙ্গে নিয়েছে। এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে। সে কারণেই আমাদের সদস্যরা এদিন ভোটাভুটিতে হাজির হননি।"
ফলাফল ঘোষণার পর আবির খেলেন তৃণমূল কর্মী সমর্থকরা। মিছিল করে নহাটা বাজার পরিক্রমা করে তারা।

No comments:
Post a Comment