শিল্প ফেরাতে টাটার দ্বারস্থ মমতা সরকার - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 July 2021

শিল্প ফেরাতে টাটার দ্বারস্থ মমতা সরকার



প্রেসকার্ড নিউজ ডেস্ক : দীর্ঘ ১৩ বছর কেটে গিয়েছে সিঙ্গুর আন্দোলনের পর। বাংলা ছেড়ে টাটাদের চলে যাওয়ার ১৩ বছর কেটে গিয়েছে বিরোধী তৃণমূলের আন্দোলনের জেরে। এবার রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আহ্বান জানালেন বিপুল ভোটে জিতে তৃতীয় বারের জন্য রাজ্যের ক্ষমতায় আসার পর যে টাটা রাজ্য ছেড়ে চলে গিয়েছিল, তাদের বাংলায় বিনিয়োগে। সোমবার তিনি স্পষ্টই বলেছেন, ‘‘লড়াই ছিল বাম সরকার ও তাদের জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে। টাটার বিরুদ্ধে নয়।’’


গুজরাতের সানন্দে ১৩ বছর আগে সিঙ্গুর ছেড়ে টাটার ন্যানো কারখানা চলে গিয়েছিল বিরোধী তৃণমূলের আন্দোলনের জেরে। তার পরেও জল গড়িয়েছে বহুদূর রাজ্য রাজনীতিতে। বাম শাসনের অবসান ঘটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর এবং নন্দীগ্রামে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনকে সামনে রেখেই। তার পর মুখ্যমন্ত্রী হিসেবে তিনিই রাজ্যের হাল ধরেছেন। তবে এক যুগেরও বেশি সময় পেরিয়ে মমতা সরকারের শিল্পমন্ত্রী পার্থ সংবাদ সংস্থা পিটিআইকে সেই টাটাদের নিয়ে বলতে গিয়ে বলেছেন, ‘‘সমস্যা ছিল বাম সরকারের সঙ্গে। যে ভাবে জমি অধিগ্রহণ করা হয়েছিল, সেই পদ্ধতি নিয়ে সমস্যা ছিল। টাটার সঙ্গে আমাদের শত্রুতা নেই। টাটার বিরুদ্ধে আমরা লড়াইও করিনি। দেশে ও বিদেশে টাটা অন্যতম বৃহৎ এক শিল্পগোষ্ঠী, সম্মানীয়ও বটে। আমরা টাটাকে দোষ দিতে পারি না।’’


এরই পাশাপাশি পার্থ জানিয়েছেন, ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে টাটা রাজ্যে আরও বিনিয়োগের জন্য। টাটার যোগাযোগও রয়েছে রাজ্যের আধিকারিকদের সঙ্গে। পার্থের কথায়, ‘‘টিসিএস, টাটা মেটালিক্স এ রাজ্যে রয়েছে। কিন্তু এর পরেও যদি বড়মাপের কোনও বিনিয়োগ নিয়ে টাটারা আসতে চায়, তাহলে কোনও অসুবিধা নেই। উৎপাদন বা অন্য যে কোনও ক্ষেত্রে তারা বিনিয়োগ করতে পারে। সরকারের তথ্য ও প্রযুক্তি দফতরের সচিব সম্প্রতি আমাকে জানিয়েছেন, টাটা গোষ্ঠী এ রাজ্যে একটি টাটা সেন্টার তৈরি করার বিষয়ে আগ্রহ প্রকাশও করেছে।’’

No comments:

Post a Comment

Post Top Ad