নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: আসন্ন বিধানসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার উদ্দেশ্যে ফের কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে আলিপুরদুয়ারে। তবে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি খাকি পোশাক এবং গলায় গেরুয়া রঙের আই কার্ড পরিহিত উত্তরপ্রদেশ পুলিশরা রুটমার্চ করছে আলিপুরদুয়ারের রাস্তায়, ঘটনা ঘিরে বিতর্কের ঝড় রাজনৈতিক আঙিনায়।
জানা গিয়েছে, নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার উদ্দেশ্যে এক কোম্পানি উত্তরপ্রদেশ পুলিশ এবং আরও এক কোম্পানি বর্ডার সিকিউরিটি ফোর্স আনা হয়েছে। তৃণমূলের অভিযোগ, ধমকাতে চকমাতে কি এখানে নিয়ে আসা হয়েছে উত্তরপ্রদেশ পুলিশকে! এই বিষয়ে আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী বলেন, "আমি রাস্তায় একদল পুলিশ যেতে দেখালাম। দেখেই তাদের বুঝতে পারলাম তাঁরা বেঙ্গল পুলিশ নন। জিজ্ঞেস করতেই তাঁরা বললেন, তাঁরা ইউপি পুলিশ। তাদের গলায় গেরুয়া রঙের আই কার্ডও ছিল।"
তিনি অভিযোগ করে আরও বলেন, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের পুলিশ, তারা গেরুয়া একটা রিবন পড়ে আসছে, গেরুয়া একটা বিজেপির পতাকার রং, পুলিশ কি এরকম পরতে পারে না কি! তৃণমূল প্রার্থী একথাও বলেন, বাংলার পুলিশ দিয়ে ভোট হবে না কিন্তু উত্তরপ্রদেশের পুলিশ দিয়ে ভোট করাবে কমিশন, এটা কোন ধরণের নিরপেক্ষ ব্যাপার, কি আইন আছে এ নিয়ে, তা তিনি জানেন না বলেও সন্দেহ প্রকাশ করেন এদিন।
তিনি বলেন, 'এতে এটাই প্রমাণ হল যে, বহিরাগত উত্তরপ্রদেশের পুলিশ গুন্ডাদের এখানে নিয়ে এসে আমাদের ধমকানোর চমকানোর চেষ্টা চলছে। বাংলা এগুলো কখনই মেনে নেবে না।'

No comments:
Post a Comment