নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: অঞ্চল সভাপতি মোজাফফর হোসেনের বাড়িতে বোমাবাজি, ঢিল ছোঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের। প্রতিবাদে ৩১ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের মারুগঞ্জে। ঘটনা স্থলে তুফানগঞ্জ থানার পুলিশ।
ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তৃণমূল নেতৃত্ব।প্রায় দেড় ঘন্টা যাবৎ পথ অবরোধ চলে এবং ঘটনাস্থলে যান নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। এরপর রবীন্দ্রনাথ ঘোষের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় তৃণমূল কর্মীরা।
যদিও এর পরেই মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আল্লার বাজার এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হয় এবং বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিজেপি সূত্রে জানা যায় যে, তুফানগঞ্জ থানায় এই ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হবে। তৃণমূলের পক্ষ থেকেও জানাও হয় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে। ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। অপরদিকে মারুগঞ্জের ভেলাকোপায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। জানা যায়, বিজেপি কর্মী জগদীশ সেন ও সুভাষ সেন পোস্টার লাগিয়ে বাড়িতে ফিরছিলেন। সেই সময় অতর্কিত হামলা চালায় কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতি। জগদীশ সেনের ঘাড় ও পিঠে গুরুতর চোট লাগে। তাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।

No comments:
Post a Comment