নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: সংযুক্ত মোর্চার কুমারগ্রাম বিধানসভা ভিত্তিক সাধারণ সভা অনুষ্ঠিত হল কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে। বুধবার সকালে কামাখ্যাগুড়ির শান্তিনগরে সিপিআই(এম)-এর কুমারগ্রাম পশ্চিম এরিয়া কমিটির কার্যালয়ে ওই সভাটি অনুষ্ঠিত হয়েছে।
এদিনের সভায় সভাপতিত্ব করেছেন আরএসপি’র আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুনীল বণিক। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর আলিপুরদুয়ার জেলা ভারপ্রাপ্ত সম্পাদক কিশোর দাস, সিপিআই(এম) নেতা কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, আরএসপি’র আলিপুরদুয়ার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নির্মল দাস, কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা কার্যাকরী সভাপতি শান্তনু দেবনাথ সহ বামফ্রন্ট ও কংগ্রেসের অন্য নেতৃত্বরা। ভোটের রণকৌশল নিয়েই এদিনের সভায় আলোচনা করেন নেতৃত্বরা।
জানা গিয়েছে, এদিনের সভা থেকে সংযুক্ত মোর্চার কুমারগ্রাম বিধানসভা কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির আহ্বায়ক পদে আরএসপি নেতা শ্যামল রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিনের সাধারণ সভা থেকে ভোটকে লক্ষ্য রেখে কর্মী-সমর্থকদের মানুষের কাছে পৌঁছানোর কথা বলেন সংযুক্ত মোর্চার নেতৃত্বরা।

No comments:
Post a Comment