নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রিজার্ভেশন কাউন্টারে ফর্ম ফিলাপ করে দ্বিগুণ দামে কাটতে হচ্ছে লোকাল ট্রেনের টিকিট। আচমকা এই নিয়ম পরিবর্তনের প্রতিবাদে সোমবার যাত্রী বিক্ষোভ শুরু হয়েছে জলপাইগুড়ি টাউন স্টেশনে। দীর্ঘ সময় ধরে স্টেশনের প্রধান গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান যাত্রীরা।
লকডাউন শুরু হওয়ার পর প্রায় দশ মাস বাদে সোমবারই প্রথম লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে জলপাইগুড়ি টাউন স্টেশনে। এদিন ট্রেনে যাতায়াতের জন্য সকাল থেকেই যাত্রীরা অপেক্ষা করতে থাকেন। লোকাল ট্রেন চালু হওয়ায় বেশ খুশিও ছিলেন যাত্রীরা। যদিও ট্রেনের টিকিট কাটতে গিয়েই শুরু হয় গন্ডগোল। রিজার্ভেশন কাউন্টারে ফর্ম ফিলাপ করে টিকিট কাটতে নারাজ সাধারণ যাত্রীরা বিক্ষোভ শুরু করেন। যাত্রীদের বক্তব্য, দীর্ঘদিন পর নিউ জলপাইগুড়ি-হলদিবাড়ি লোকাল ট্রেন চালু হয়েছে। অথচ লোকাল রিজার্ভেশনের মাধ্যমে ট্রেনের টিকিটের দাম দ্বিগুণ করে দেওয়া হয়েছে। এই নিয়েই টিকিট কাটতে গিয়ে যাত্রীরা বিক্ষোভ শুরু করেন।
লোকাল যাত্রীরা বলেন, আগে যে টিকিটের দাম ছিল দশ টাকা। রিজার্ভেশনের মাধ্যমে এখন তা বেড়ে হয়েছে পঁচিশ টাকা। তাছাড়া রিজার্ভেশন কাউন্টারে ফর্ম ফিলাপ করে টিকিট কাটতে হচ্ছে সকলকে। এর ফলে চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের।

No comments:
Post a Comment