নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপির যুব মোর্চার জেলা কমিটি বাতিল ঘোষণা হয়েছে। শুক্রবার দুপুরেই দলের তরফে এই ঘোষণা করা হয়। বৃহস্পতিবার কিছু জেলার যুব মোর্চার কমিটির কর্তাদের নাম ঘোষিত হয়েছিল।
দলের মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপে ঘোষণায় এদিন জানানো হয়, দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই কমিটি বাতিল করলেন। ঠিক হয়েছে, যুব মোর্চার নয়া জেলা কমিটি ও সভাপতি নির্বাচন না হওয়া পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন বিজেপির জেলা সভাপতিরা। তবে এই ঘটনায় রাজ্য বিজেপির মতানৈক্য ফের সামনে এল বলে মনে করছে রাজনৈতিক মহল।
বেশ কিছুদিন ধরেই যুব জনতায় পদ নিয়ে রাজ্যের শীর্ষ নেতাদের মধ্যে মতানৈক্য চলছে। তাই বিজেপি-র রাজ্য সভাপতির আচমকা এহেন সিদ্ধান্তের পরই এটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে দলের মধ্যে। প্রসঙ্গত, বিভিন্ন জেলায় যুব মোর্চার কমিটি ও সভাপতিদের বিরুদ্ধে ক্ষোভ ছিল। কোথাও কোথাও দলীয় কর্মীরাই বিক্ষোভ দেখিয়েছেন। প্রকাশ্যে এসেছে অন্তর্দ্বন্দ্বের ছবি। সেই অশান্তি মেটাতেই কি রাজ্য সভাপতি এমন সিদ্ধান্ত নিলেন?
গত বৃহস্পতিবারই দলের এই শাখায় শঙ্কুদেব পন্ডা-সহ তিন সহ সভাপতির ও চার সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছিল। শঙ্কুদেব মুকুল-ঘনিষ্ঠ বলে পরিচিত। এর ঠিক আগেই মুর্শিদাবাদ উত্তর, হুগলি, হাওড়া গ্রামীন, আসানসোল ও বারাকপুর— এই পাঁচ ‘জেলার’ সভাপতির নাম ঘোষিত হয়। সূত্রের খবর, যাঁরা পদ পাননি তাঁরা ক্ষোভ দেখাতে শুরু করেছেন। যদিও সরকারিভাবে এ ব্যাপারে দলীয় কোন্দলের কথা অস্বীকার করা হয়েছে।

No comments:
Post a Comment