নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্রের আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। দীর্ঘদিন একসঙ্গে রাজনৈতিক ময়দানে কাজ করার অভিজ্ঞতা চির স্মরনীয় হয়ে থাকবে বলেও এদিন জানান ফিরহাদ হাকিম।
বুধবার গভীর রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮। বৃহস্পতিবার প্রথমে বিধানসভায় নিয়ে যাওয়া হয় বর্ষিয়ান রাজনীতিবীদ সোমেন মিত্রর মরদেহ। এদিন বিধান ভবনে শেষ শ্রদ্ধা জানিয়ে ফিরহাদ বলেন, "একসময় বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়ে সাংসদ হয়েছিলেন সোমেন বাবু। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানান ওঠাপড়ার সাক্ষী রয়ে গেলেন তিনি। সোমেন বাবুর আত্মার শান্তি কামনার পাশাপাশি তার পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি।"
প্রসঙ্গত, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় সম্প্রতি সোমেন মিত্রর ক্রিয়েটিনিনের মাত্রা বেশি ধরা পড়ে। সেজন্য গত ২১ জুলাই তাঁকে দক্ষিণ কলকাতার ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিডনির সমস্যা উদ্বেগ বাড়াচ্ছিল। তবে তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। ডায়ালিসিসের পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল। পর্যবেক্ষণে রাখা হয়েছিল ক্রিয়েটিনিনের মাত্রা। পেসমেকারের বিষয়েও ভাবনাচিন্তা করা হচ্ছিল। কিন্তু তারইমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে গতরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

No comments:
Post a Comment