নিজস্ব প্রতিনিধি: বেহালায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মঙ্গলবার বেহালা পশ্চিমের তৃণমূল নেতা অভি ভট্টাচার্য সহ প্রায় ২০০ জন তৃণমূল কর্মী যোগ দিলেন। অভি ভট্টাচার্য মেটিয়াবুরুজের তৃণমূল কংগ্রেসের অবজারভার ছিলেন।
বিজেপিতে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়, সোমনাথ বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা অভি ভট্টাচার্য সহ উপস্থিত যুবকদের হাতে বিজেপির পতাকা তুলে দেন রাজু বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, প্রতিদিনই দলে দলে বেহালার বিভিন্ন ওয়ার্ড থেকে তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগদান করছেন। করোনা পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা পুরো ভেঙে পড়লেও মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন। তিনি প্রধানমন্ত্রীকে জানাচ্ছেন রাজ্যে করোনা আক্রান্ত রোগীদের সরকারি ও বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হচ্ছে। অথচ বেসরকারি হাসপাতালগুলোতে লক্ষ লক্ষ টাকা খরচা করে চিকিৎসা করাতে গিয়ে নাগরিকরা সর্বস্বান্ত হচ্ছেন। গতকালই এক করোনা আক্রান্ত রোগী মৃত্যুর পর ১৫ ঘণ্টা তার দেহ বাড়ীতে পড়েছিল। সংবাদমাধ্যমের খবরের জেরে শেষ পর্যন্ত ১৫ ঘণ্টা পর তার দেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়। আগামী দিনে বেহালা পশ্চিম বিধানসভা অঞ্চলে বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত নাগরিকদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি।

No comments:
Post a Comment