ইরফান খানের হঠাৎ মৃত্যু মেনে নিতে পারছেন না তার ভক্তরা। মাত্র ৫৩ বছর বয়সে এই শক্তিমান অভিনেতার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। চার দিন আগে তার মা জয়পুরে মারা যান। লকডাউনের কারণে সেখানে পৌঁছতে পারেননি ইরফান। তবে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, অসুস্থতার জন্যই মায়ের শেষ যাত্রায় যেতে পারেননি অভিনেতা।
ব্রেনে টিউমার নিয়ে বেশ কয়েক বছর ধরে লড়াই করেছেন তিনি। সুস্থ হয়ে ‘আংরেজি মিডিয়াম’ ছবির মধ্যে দিয়ে কামব্যাকও করেছিলেন। মঙ্গলবার মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হন কোলন ইনফেকশন নিয়ে। আজ সকালে (২৯ এপ্রিল) হাসপাতালেই তার মৃত্যু হয়। দুই ছেলে আর আর স্ত্রীকে রেখে ইরফান পাড়ি দিলেন নতুন দুনিয়ায়।
ইরফানের মৃত্যুতে ট্যুইটে গভীর শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন। তিনি লেখেন, ‘এইমাত্র শুনলাম ইরফান চলে গেল...। সবচেয়ে খারাপ এবং হৃদয়বিদারক খবর...। হারিয়ে গেল অসামান্য একটা প্রতিভা। সহকর্মীদের সঙ্গে ভীষণ মিশুকে ছিল। বিশ্ব সিনেমাঙ্গনে তার অবদান ভোলার নয়। খুব তাড়াতাড়ি চলে গেল...। এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়।’
শুধু অমিতাভ নয়, ইরফানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ পুরো বলিউড। লতা মঙ্গেশকর, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, তাপসী পান্নু, ইমরান হাশমী, পিকু পরিচালক সুজিত সরকার, অনুপম খের সহ অনেক তারকা ট্যুইটে গভীর শোক বার্তা জানিয়েছেন। একেক করে জানাচ্ছেন, জানাবেন আরও অনেকেই।

No comments:
Post a Comment