মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে একটি প্রেম ও অপরাধের কাহিনি নিয়ে আসছে হইচই’র ওয়েব সিরিজ ‘একাত্তর’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ওয়েব সিরিজের ট্রেলার। মুখ্য চরিত্রে রয়েছেন রফিয়াত রশিদ মিথিলা, মোস্তফা মনোওয়ার, ইরেশ জাকের ও নুসরাত ইমরোজ।
গত বছর তানিম পরিচালিত সিরিজ ‘মানি হানি’ অত্যন্ত প্রশংসিত হয়েছিল। আরও একটি সাড়া জাগানো ওয়েব সিরিজ হতে চলেছে তার ‘একাত্তর’, এমনই ইঙ্গিত দিল ট্রেলার। ১৯৭১ সালে যখন পূর্ব পাকিস্তানে একটু একটু করে রাষ্ট্রের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে বাঙালি, তখন তার আঁচ এসে লাগে সমাজের সব স্তরেই। পাকিস্তানি মেজরের সাংবাদিক স্ত্রী স্বামীকে কিছু না জানিয়েই চলে আসে বাংলাদেশে, পরিস্থিতি সম্পর্কে সব রকম তথ্য সংগ্রহ করতে।
এদিকে, নিছক এক গ্যাং লিডারের মধ্যে জাগতে থাকে দেশের প্রতি আবেগ। এই চরিত্রেই দেখা যাবে বাংলাদেশের প্রতিভাধর অভিনেতা মোস্তফা মনোওয়ারকে। আর তার বান্ধবীর চরিত্রে রয়েছেন নুসরাত ইমরোজ। সদ্য বিবাহিত মিথিলাও এখানে সাহসী সাংবাদিকের ভূমিকায়, যার স্বামী মেজর ওয়াসিমের ভূমিকাতে রয়েছেন ইরেশ জাকের।
এমন একটি উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে অনুঘটকের কাজ করে একটি ফাইল; অপারেশন ব্লিৎজের ফাইল। এই চারটি চরিত্র কিভাবে এই ফাইলকে কেন্দ্র করেই জড়িয়ে পড়ে এবং সেখান থেকে কোন পরিণতিতে পৌঁছায়, সেই নিয়েই এই সিরিজের গল্প।
আগামী ২৬ মার্চ থেকে স্ট্রিমিং হবে এই সিরিজের। ভারত ও বাংলাদেশ, দু’দেশের দর্শকই হইচই প্ল্যাটফর্মে দেখতে পাবেন এই পিরিয়ড সিরিজটি। ট্রেলার থেকে একটা বিষয় স্পষ্ট। হইচই’র সেরা কাজগুলোর মধ্যে একটি হতে চলেছে ‘একাত্তর’।

No comments:
Post a Comment