করোনা থেকে বাঁচাবে মায়ের প্রসাদ; দাবি করলেন দিলীপ ঘোষ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 March 2020

করোনা থেকে বাঁচাবে মায়ের প্রসাদ; দাবি করলেন দিলীপ ঘোষ





অভিনব তত্ত্ব প্রদানে বঙ্গ বিজেপি সভাপতির জুড়ি মেলা ভার। আর এই কথা তিনি আবার প্রমাণ করলেন। এই তো কিছু মাস আগেই তিনি গরুর দুধে সোনার উপস্থিতি নিয়ে মন্তব্য করেছিলেন। আর তাতে নেট পাড়া থেকে রাজ্য তথা দেশের সর্বত্রই উঠেছিল হাসির রোল। আবার কেউ কেউ তার কথায় ভরসা করে সোনার বদলে লোন নিতেও পৌঁছে গিয়েছিলেন। তবে তাতে ওনার মতের কিছু পরিবর্তন হয়নি এবং নিজের কথার পক্ষে তিনি অনেক যুক্তিও প্রদান করেন। আর এখন গোটা বিশ্ব যখন করোনা আতঙ্কে কাবু, এদেশেও আক্রান্তদের সংখ্যা ৫০ ছাড়িয়েছে, এরই মধ্যে করোনা সম্পর্কে আবার নতুন তত্ত্ব নিয়ে উপস্থিত হলেন দিলীপ ঘোষ। তিনি জানালেন, " মায়ের প্রসাদ খেলে করোনা হবে না"। সম্প্রতি মেদিনীপুরে একটি পুজোর মেলায় উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করে বসেন। 

খোলা জনসভায় তিনি বলেন, "বিদেশে করোনা আতঙ্কে ঘরবন্দি কোটি কোটি মানুষ। যাঁরা চাঁদ সূর্যে পৌঁছে যাচ্ছেন, তাঁরাও ঘরের বাইরে বেরোচ্ছেন না। আর আমাদের দেখুন, আমরা একসঙ্গে মায়ের প্রসাদ খাচ্ছি। একদম চিন্তা করবেন না, কিচ্ছু হবে না, মায়ের আশীর্বাদ আছে।"
আর তার এহেন আজব কথায় আবারও উঠেছে হাসির রোল। 

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে বর্ধমান শহরের টাউনহলে 'ঘোষ এবং গাভি কল্যাণ সমিতি'র অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ ঘোষ দাবি করেছিলেন, 'বিদেশি গরু গো মাতা নয়।' এখানেই থেমে না থেকে, দিলীপ বাবু বলেন, 'আমাদের দেশি গাভির পিঠের কুঁজে সোনা থাকে। তাই দেশি গরুর দুধের রং সোনালি হয়। আর বিদেশি গরু তো হাম্বা হাম্বাও ডাকে না।'

সেই সময়ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির খোরাক হয়েছিল তার বলা কথাগুলো। আর আজ আবার তার "করোনা তত্ত্ব" আলোড়ন তুলছে নেট দুনিয়ায়। তবে যাই হোক, দিলীপ বাবুর তত্ত্ব অনুযায়ী করোনা কতটা দূর হবে সেটা সময় বলবে; আপাতত নেট জনতার হাস্যরসের কিছুটা উপায় তিনি অবশ্যই করে দিলেন। 


No comments:

Post a Comment

Post Top Ad