সাদা মাদী জিরাফটির দেখা প্রথম মিলেছিল ২০১৭ সালে। জিরাফটিকে তার শাবক সহ পাওয়া যায়। তখন সংবাদমাধ্যমে ঘটনাটি সাড়া জাগিয়েছিল। পরে দেখা মেলে আরেকটি শাবকের।
সিএনএন জানায়, তিন সাদা জিরাফের এ পরিবারটি কেনিয়ার ওই জঙ্গলেই বাস করে আসছে। গোটা বিশ্ব থেকে প্রচুর পর্যটক সেখানে ভিড় জমাতেন এ জিরাফ পরিবারকে দেখতে।
কেনিয়ার ইসাকবিনি হিরোলা সংরক্ষিত এলাকার বনরক্ষীরা মঙ্গলবার জানিয়েছেন, জঙ্গলে দুটি সাদা জিরাফের কঙ্কাল খুঁজে পাওয়া গেছে। মা জিরাফ এবং তার শাবককে শিকারির হত্যা করেছে। বেশ কিছুদিন ধরেই দু’টি সাদা জিরাফকে দেখতে না পেয়ে বনকর্মীদেরকে খবর দেওয়া হয়েছিল।
কঙ্কাল দেখে বন কর্মকর্তাদের ধারণা, সেটি কমপক্ষে চারমাস ওই জায়গায় পড়ে ছিল। ইসাকবিনি হিরোলা সংরক্ষিত এলাকার ব্যবস্থাপক মহাম্মদ আহমেদনূর বলেছেন, “এটি কেনিয়ায় সবার কাছেই খুব দুঃখের দিন। বিশ্বে একমাত্র আমরাই বিরল সাদা জিরাফের রক্ষক।” কেনিয়ার বনবিভাগ ঘটনাটি তদন্ত করে দেখছে।
দু’টি সাদা জিরাফ হত্যার পর শেষ যে জিরাফটি বেঁচে রইল সেটি একটি পুরুষ জিরাফ। আফ্রিকার বন্যপ্রাণী বিষয়ক ফাউন্ডেশনের তথ্যমতে, গত ৩০ বছরে বিশ্বের উচ্চতম এই প্রাণী জিরাফের ৪০ শতাংশই মারা পড়েছে চোরাশিকারি কিংবা বন্যপ্রাণী পাচারকারীদের হাতে।

No comments:
Post a Comment