করোনা আতঙ্কে বাতিল বসন্তোৎসব, এবার বেরঙিন শান্তিনিকেতন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 March 2020

করোনা আতঙ্কে বাতিল বসন্তোৎসব, এবার বেরঙিন শান্তিনিকেতন






আশঙ্কা ছিলই, এবার সেটাই সত্যি করে বাতিল হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্তোৎসব। ফলে শান্তিনিকেতনের মন খারাপ। সেই সঙ্গে যারা এবার দোল শান্তিনিকেতনে কাটাবেন বলে ঠিক করেছিলেন তাঁরাও পড়লেন আতান্তরে। শুক্রবার সন্ধ্যেয় এবছরের বসন্তোৎসব বাতিলের খবর জানিয়ে দিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।



করোনা ভাইরাসের আতঙ্কে এমনিতেই কাঁপছে গোটা দেশ। আক্রান্তের সংখ্যা ৩১। এই আবহে শুক্রবার শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতির বৈঠক ডেকেছিলেন উপাচার্য। প্রায় তিন ঘন্টা চলে এই বৈঠক। শেষ পর্যন্ত এবছরের জন্য শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বসন্তোৎসব বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।



 বৈঠক শেষে উপাচার্য বলেন, ‘ইউজিসি’র তরফে চূড়ান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে এক জায়গায় বেশি মানুষের সমাগম করোনা ভাইরাসের জন্য নিরাপদ নয়। তাই এবারের বসন্তোৎসবের আয়োজন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। তাই ঐতিহ্যের দোল এবার হচ্ছে না শান্তিনিকেতনে’।



এই ঘোষণার ফলে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। কারণ ইতিমধ্যেই তাঁরা পুঁজি লাগিয়ে সামগ্রী কিনে ফেলেছেন। দোল উৎসবই যদি শান্তিনিকেতনে না হয় তবে লোক সমাগম হবে না। এরজেরে বিক্রিবাট্টা একেবারেই হবে না বলেই মনে করছেন ব্যবসায়ীরা।




উল্লেখ্য কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে খোলা জায়গায় জমায়েত হয়ে হোলি না খেলার আবেদন করেছিলেন। এবার তাঁর চিন্তাভাবনার প্রতিফলন দেখা মিলল ইউজিসি-র নির্দেশিকায়। শান্তিনিকেতনের দোল উৎসব দেশ বিদেশের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্র।




মূল প্রাঙ্গনের বসন্তোৎসবের পাশাপাশি সোনাঝুড়িতে বাউল গান ও মেলাও অন্যতম আকর্ষণ শান্তিনিকেতনের দোলে। কিন্তু করোনা আতঙ্কে ওই দোল উৎসবই বাতিল হওয়ায় অনেকেই শান্তিনিকেতনের বুকিং বাতিল করবেন। ফলে মন খারাপ শান্তিনিকেতনের।

No comments:

Post a Comment

Post Top Ad