করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়ায় কেউ যাতে না ঢুকে পড়ে তার জন্য সীমানায় অন্তত ১৫টি নাকা পয়েন্টে শুরু হয়ে গেল নজরদারি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নির্দেশ মেনে নাকা চেকিং চালু করে কাজে নামল পুরুলিয়া জেলা প্রশাসন।
এছাড়া করোনা মোকাবিলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। পাশাপাশি, বিভিন্ন রাজ্যের সীমানা লাগোয়া ১৩ জেলায় মোট ৭৮ টি নাকা পয়েন্টে চেকিং শুরু হয়েছে আজ থেকেই। জানা গিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রবিবার সকাল থেকে রঘুনাথপুর মহকুমা এলাকায় কয়েকটি নাকা পয়েন্টে চেকিং শুরু হয়ে গিয়েছিল। আর সোমবার থেকে জেলার ৩৮০ কিলোমিটার সীমানার মোট ১৫ টি পয়েন্টেই নজরদারি শুরু হয়ে গেল।
এসব পয়েন্টে জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মী ছাড়াও রয়েছে ব্লক প্রশাসন ও পুলিশ। পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করে, নথিপত্র দেখে তবেই প্রবেশের অনুমতি মিলছে। বিমান থেকে নেমে কেউ সরাসরি জেলায় এসেছেন কি না, তাও দেখা হচ্ছে।

No comments:
Post a Comment