নিজস্ব সংবাদদাতাঃ অবর বিদ্যালয় পরিদর্শকের গাফিলতিতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের প্রাইমারি স্কুল শিক্ষকদের নতুন পে কমিশন অনুসারে বেতন হল না। ২০২০ সালের জানুয়ারি মাস থেকে নতুন পে কমিশন অনুসারে প্রাইমারি শিক্ষকদের বেতন হওয়ার কথা। নতুন হারে বেতন ধার্য করার প্রয়োজনীয় যে কাজকর্ম ছিল, নির্দিষ্ট সময়ে তা করেনি কালিয়াগঞ্জের দুটি অবর বিদ্যালয় পরিদর্শক দপ্তর।ফলে নতুন পে কমিশন অনুসারে বেতন না হওয়ার পাশাপাশি এমাসে পুরোনো হারে বেতন মিলবে কিনা, সেটা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
উত্তর দিনাজপুর জেলার জন্য ২২-২৪ জানুয়ারি ছিল প্রাইমারি শিক্ষকদের নতুন পে কমিশন অনুসারে অনলাইনে বেতনের বিল দাখিলের সময়সীমা। এদিন সকাল ৯ টা থেকে কালিয়াগঞ্জের দুটি অবর বিদ্যালয় পরিদর্শক দপ্তরের সামনে ভীড় জমায় ৮০০ জন শিক্ষক শিক্ষিকারা। সকাল ১০ টার পর দুই অফিসে তালা খুললেও গরহাজির কালিয়াগঞ্জের অবর বিদ্যালয় পরিদর্শক তানিয়া রুবাইয়াৎ ইসলাম। কালিয়াগঞ্জের দুই চক্রের তৃনমূল শিক্ষক নেতৃত্ব দফায় দফায় ফোন করলেও সাড়া দেননি এসআই। নতুন বছরের প্রথমমাসে বেতন না পাওয়ার ক্ষোভে দুই অফিসের সামনে ধর্নায় বসে পড়ে তৃনমূলের প্রাথমিক শিক্ষক সংগঠন।

No comments:
Post a Comment