নিজস্ব সংবাদদাতাঃ মসজিদের দরজার চাবির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে আহত উভয়পক্ষের মোট ৮ জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার গোয়াবাড়ি এলাকায়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোপড়া থানার গোয়াবাড়ি এলাকার মসজিদের চাবি ওই এলাকার বাসিন্দা মোকসেদ আলীর কাছে ছিল। প্রতিবেশী আবু সামাদ মোকসেদের কাছে মসজিদের চাবি চাইতে গেলে সে দিতে না চাইলে দু'পক্ষের মধ্যে বচসা হয়। পরে তা মিটে গেলেও মোকসেদ আলীর অভিযোগ, আজ তার নিজের দোকানে সে বসে ছিল। হঠাৎই আবু সামাদ ও নজরুল তাদের ভাইদের সাথে নিয়ে এসে মোকসেদদের উপরে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ধারালো অস্ত্রের কোপাকোপিতে দু'পক্ষের মোট ৮ জন আহত হয়।
এলাকার বাসিন্দারা গুরুতর আহতদের স্থানীয় দোলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করে। এলাকায় ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পরে। ঘটনার খবর পেয়ে চোপড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:
Post a Comment