নিজস্ব সংবাদদাতাঃ পাওনা ৬০হাজার টাকা চাইতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মালদা কালিয়াচক থানার চড় বাহাদুরপুর বিনুটোলা গ্রামে। গুরুতর আহত ব্যক্তি মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
আহত ব্যক্তির নাম ফাইজুল শেখ(৪২)। পরিবার সূত্রে জানা গিয়েছে, ফাইজুল শেখ ও শাহজাহান শেখ একসাথে মাটির ব্যবসা করতেন। ব্যবসা সূত্রে ফাইজুল শাহজাহানের কাছে ৬০হাজার টাকা পেতেন। বারবার চেয়েও সেই টাকা ফেরত দিচ্ছিলেন না শাহজাহান। এই নিয়ে তাদের মধ্যে বিবাদ চলছিল। গতকাল গ্রামেরই একটি দোকানে শাহজাহানকে দেখতে পেয়ে টাকা ফেরত চায় ফাইজুল। এই নিয়ে দুজনের মধ্যে বচসা বেঁধে যায়। অভিযোগ, সেই সময় শাহজাহান ও তার ছেলে নাসির শেখ ফাইজুলকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়।
গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে কালিয়াচক থানায়। ঘটনার পর থেকে ফেরার অভিযুক্ত বাবা ও ছেলে। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

No comments:
Post a Comment