নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বৃদ্ধ মায়ের একমাত্র সম্বল ছেলে। স্বামীকে বহুদিন আগেই হারিয়েছেন। জন্ম থেকে ছেলের দুই চোখ অন্ধ। ২০০৯ সাল থেকে সরকারি জমির উপর বসবাস করে কোনরকম ভিক্ষা করে দিন যাপন করছিল মা ও ছেলে। তবে এই অসহায় মা ও ছেলের ঘর ভাঙচুর সহ ঘরের বাসনপত্র সহ বিভিন্ন জিনিস লুঠপাট করে তাড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের ছায়াসঙ্গীর বিরুদ্ধে। তাদের আরও অভিযোগ যে, তাঁরা অন্য কোথাও অভিযোগ জানাতে ভয় পাচ্ছেন, জানানো হলে হয়তো তাদের উপর হামলা হতে পারে। তৃণমূলের নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকায়।
ষাটোর্ধ্ব বৃদ্ধা মা ঊষা গোস্বামী। তার একমাত্র সম্বল ছেলে বাবু গোস্বামী। তার দুই চোখই অন্ধ। মালঞ্চ পল্লী এলাকার একটি সরকারি জমির উপর ২০০৯ সাল থেকে ভাঙাচোরা বাড়িতেই তাদের বসবাস। পেটের দায়ে করতে হয় ভিক্ষে। তবে গত বর্ষায় জল হয়ে যাওয়ার জন্য বাড়ীঘর ছেড়ে এদিক ওদিক ঘুরে দিন কাটাচ্ছিলেন তারা। বুধবার বাড়ি ফিরে এসে দেখেন তার সেই ঘরও ভেঙে ফেলে দেওয়া হয়েছে। সে ভাঙ্গাচুরা ঘরে থাকা সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড করে দেওয়া হয়েছে।
এই জমির দখল করার চেষ্টার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পরিতোষ চৌধুরীর ছায়াসঙ্গী বলে পরিচিত মিঠু হালদার এর বিরুদ্ধে। তৃণমূল নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এমত অবস্থায় রাস্তাতেই ঠাঁই বৃদ্ধ মা ও ছেলের।
যদিও বৃদ্ধ মা ও ছেলের বাড়ী ভাঙচুরের কথা অস্বীকার করেছে তৃণমূল কাউন্সিলর ছায়াসঙ্গী মিঠু হালদার। তিনি বলেন, গত কয়েক মাস ধরে এই বৃদ্ধ মা ও ছেলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। কাউন্সিলরের সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।

No comments:
Post a Comment