দেবশ্রী মজুমদার: ফের বিস্ফোরণ। জেলায় বার বার বোমা বিস্ফোরণে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বীরভূম। বিস্ফোরণের তীব্রতা এত বেশি যে একটি বাড়ি উড়ে গেল। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বড় বড় চাঁই! আর ইঁটের টুকরো। বাড়িটির যে অংশটি উড়ে গেছে, তার চিহ্ন মাত্র আর কিছু নেই। পাশের দুটো রুম অক্ষত নেই। দেখা গিয়েছে ফাটল। ঘটনার জেরে কোন হতাহতের খবর নেই। কারণ বাড়ির মালিক আগে থেকেই পুলিশের উপস্থিতির খবর পেয়ে গা ঢাকা দিয়েছিল। ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল এর কাকড়তলা থানার বড়রা গ্রামে।
ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় বেলা দুটো। তুমুল বৃষ্টি পড়ছে। চারিদিকে ধোঁয়া। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে কেঁপে উঠল চারিদিক। ঘটনায় হতচকিত অনেকেই। কারণ বৃষ্টির মধ্যে কেউ কেউ ঘুমিয়ে পড়েছিল। ঘটনার পর বাইরে বেরিয়ে দেখা যায় একশো মিটার দূরে চাঁই গিয়ে উড়ে পড়েছে অন্যের বাড়িতে।
মাঝে মাঝে বোমা উদ্ধার হলেও, পুলিশ টের পায় নি এত বিপুল পরিমান বোমা মজুতের ঘটনা। যদিও জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন,"বোমা ও বিস্ফোরক মজুত আগাম খবর পেয়েই পুলিশ বাড়িটি ঘিরে ফেলেছিল। কিন্তু তার মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটে। অভিযুক্ত বাড়ির মালিকের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার তদন্ত চলছে। এখন কিছু বলা সম্ভব নয়"।
জানা গেছে, আগে থেকেই ওই বাড়িটি ঘিরে রেখেছিল পুলিশ। কারণ তাদের কাছে আগাম খবর ছিল ওই বাড়িটিতে বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক মজুতঁ আছে। পুলিশের আগমনের খবর পেয়ে পালিয়েছিল বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যরা। জানা গেছে, বাড়ির মালিক হলেন এলাকার কুখ্যাত দুষ্কৃতী শেখ মহিবুল। তাকে আজফার ওরফে সেখ কালোর দলের সদস্য বলে এলাকার লোক জানে। কিছুদিন আগে সংশোধনাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিল সে। তারই বিরুদ্ধে অভিযোগ ছিল খয়রাশোল তৃণমূল পার্টি অফিসে বিস্ফোরণের। শুধু তাই নয়, তার নিজের গ্রাম বড়রায় শেখ কালোর বাড়িতে বোমাবাজির ঘটনায়।
সূত্রর খবর, প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে দুষ্কৃতীদের আনাগোনা, অপরাধ করে গা ঢাকা দেওয়া। এসব আখছার ঘটনা।
সম্প্রতি, লাভপুরের দরবারপুরেও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। মাত্র দু’বছর আগেও দরবারপুর গ্রামে বালি ঘাটের দখলকে কেন্দ্র করে বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হল আট দুষ্কৃতীর।
পি/ব
No comments:
Post a Comment