জ্বলছে আমাজন। জ্বলছে পৃথিবীর ফুসফুস। এক সপ্তাহেরও বেশি সময় ধরে আমাজনের রেনফরেস্টেই জ্বলছে। আমাজনের পরিস্থিতি যে হাতের বাইরে চলে যাচ্ছে সেটা এতদিন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো বুঝতেই চাননি। তবে দেরিতে হলেও এখন সেটা বুঝতে পেরেছেন তিনি। তাই এই আগুনকে আটকানোর জন্য এ বার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শুক্রবার বলসোনারো বলেন, “এই বিধ্বংসী আগুন আটকানো আমাদের কর্তব্য।” পাশাপাশি অপরাধমূলক কাজকারবার বন্ধ করার জন্য যাবতীয় পদক্ষেপ তিনি করবেন বলে জানিয়েছেন। কিছু দিন আগেই অবশ্য তিনি মানতেই চাননি যে আমাজনের আগুন এতটা ভয়াবহ রূপ ধারণ করেছে। তাঁর অভিযোগ, আন্তর্জাতিক মিডিয়া বেশি বাড়িয়ে দেখাচ্ছে সব কিছু।
এমনকি এর পেছনে দেশের এনজিওদের দিকে সরাসরি আঙুল তুলেছিলেন তিনি। পরিবেশবিদ এবং সাধারণ মানুষের প্রতিবাদ সাথে সাথে এর যোগ হয় সরকারি তথ্যও। সেই তথ্যে সাফ জানানো হয় যে গত বছরের তুলনায় আমাজনের আগুন এ বার বহু গুণ বেড়েছে। এর পরেই শুক্রবার দেশের মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন প্রেসিডেন্ট। পরিবেশবিদ এবং আবহাওয়া বিশেষজ্ঞদের দাবি, আমাজনের এই আগুন ‘ম্যান মেড।’
এই আগুন লাগানোর পেছনে হাত রয়েছে গবাদি পশুর ব্যবসায়ীদের। এমনকি ব্রাজিলের প্রেসিডেন্টেরও প্রচ্ছন্ন মদত রয়েছে বলে অভিযোগ বিভিন্ন মহলে। এই সপ্তাহান্তে ব্রাজিলের একাধিক শহরে প্রতিবাদ বিক্ষোভের পরিকল্পনা করেছেন সাধারণ মানুষ।‘আমাজন রক্ষা এবং আমাদের ভবিষ্যৎ’ – এই নামেই প্রতিবাদে নামবে দেশের মানুষ। এছাড়াও গত কয়েক দিন ধরেই বলসানোর ওপরে আন্তর্জাতিক চাপ বাড়ছিল।
তবে প্রথমে আন্তর্জাতিক মহলের এই চাপকেও বিশেষ পাত্তা দেননি বলসোনারো। তবে যাই হোক দেরিতে হলেও সেটা বুঝতে পেরেছেন তিনি।তবে ব্রাজিলবাসীদের মতে প্রেসিডেন্ট যতক্ষণ না নিজের দেওয়া কথামতো আমাজনে সেনা পাঠাচ্ছেন, ততক্ষণ তারা স্বস্তি পাচ্ছেন না।
পি/ব
No comments:
Post a Comment