নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি বিধানসভার বিধায়ক শংকর ঘোষ। নবীন এই বিধায়ক শিলিগুড়ির উন্নয়নে বিধায়ক তহবিলের অর্থ খরচ করতে চান নির্বিঘ্নে। তাই বিধায়ক তহবিলের অর্থ আসার আগেই রাজ্যের শাসক দল থেকে বাধা-বিপত্তি এড়াতে অতি সাবধানি হয়ে সোমবার তিনি শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব তথা রাজ্যের শাসক দলের নেতার সাথে দেখা করেন।
এরপর শংকর ঘোষ এদিন শিলিগুড়ির হাসমিচকে জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে অভিযোগ করে বলেন, "বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা খরচ করা নিয়ে এর আগে বিরোধী রাজনৈতিক দল তাদের শাসক দল ও জেলা প্রশাসনের মধ্যে বিস্তর মতভেদ তথা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়েছে। এই ধরনের প্রতিবন্ধকতা যাতে তৈরী না হয় তাই পৌর কর্পোরেশন নির্বাচনের আগে পৌর প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেবের কাছে অনুরোধ করেছি।"
তিনি বলেন, 'শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি এবং তার সাথে শিলিগুড়ি পুরনিগম এই দুটি এজেন্সির মাধ্যমে যেহেতু শিলিগুড়ি উন্নয়নমুলক কাজ করব, তাই শিলিগুড়ি বিধানসভার ৩৩ টি ওয়ার্ড এছাড়া শিলিগুড়ি পুরনিগমের ১৪ টি ওয়ার্ড রয়েছে ডাবগ্রাম ফুলবাড়ির বিধানসভার। গৌতম দেবের কাছে অনুরোধ করেছি তিনি ওই বিধানসভা এলাকার প্রাক্তন বিধায়ক সহ মন্ত্রীও ছিলেন। এক্ষেত্রে যাতে রাজ্যের ও শিলিগুড়ি পুরনিগমের শাসকের কোনও রকম প্রতিবন্ধকতার সম্মুখীন না হতে হয়। আমরা যোগাযোগের মাধ্যমেই কাজগুলো করার চেষ্টা করব। প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী হিসেবে তার সহযোগিতা আমি কামনা করেছি।'
গৌতম দেব বলেন, শংকর ঘোষ দেখা করতে এসেছিলেন। কিছু উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।"
উল্লেখ্য, এই প্রথম শংকর ঘোষ বিধায়ক পদে প্রার্থী হয়েছিলেন। তিনি বিজেপি দলের প্রার্থী হয়ে জয়ীও হন। এর আগে তিনি শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ ছিলেন। তখন তিনি ছিলেন বাম দলে।

No comments:
Post a Comment