প্রেসকার্ড নিউজ ডেস্ক : মোবাইল গেমের নেশা যে কতটা মারাত্মক তার প্রমাণ আমরা বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে পেয়ে থাকি; বিশেষ করে মোবাইল গেম পাবজি নিয়ে। এই পাবজি গেম কে ঘিরে প্রকাশ্যে এল আরও একটি চাঞ্চল্যকর ঘটনা। পাবজি খেলতে বারণ করায় রেগে বাড়ি থেকে পালিয়ে গেল তিন শিশু। বাড়ি থেকে বেরিয়ে তারা রোজগার করতে চায়, যাতে করে সেই টাকা দিয়ে তারা একটি মোবাইল ফোন কিনতে পারে। যদিও তাদের সেই আশা পূরণ হয়নি তার আগেই পুলিশ তাদের উদ্ধার করেছে এবং সুরক্ষিতভাবে তাদের বাড়ি পৌঁছে দিয়েছে। এই তিন শিশুর প্রত্যেকের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরখপুরে।
এই শিশুদের খোঁজ দিলে তাকে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও করেছিলেন এসএসপি দিনেশ কুমার প্রভু। পাশাপাশি সামাজিক মাধ্যমে নিখোঁজ শিশুদের ছবি পোস্ট করে ও সন্ধান চালানোর কাজ শুরু করে পুলিশ এবং ১২"ঘণ্টার মধ্যে মিলে যায় সাফল্য। তাদের সুরক্ষিত উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
গুলারিয়া থানার পুলিশ আধিকারিক জানান, লখনৌ যাওয়ার জন্য তারা গোরখপুর রেল স্টেশনে উপস্থিত হয়েছিল, সেখান থেকেই পুলিশ তাদের উদ্ধার করে। তিনি এও বলেন, শিশুরা পুলিশকে জানিয়েছে, মোবাইল ফোন কেনার জন্য তারা রোজগার করতে চায় এবং সেই উদ্দেশ্যেই তারা লখনৌ যেতে চাইছে।
গোরখপুর পুলিশ জানায়, পাবজি খেলতে নিষেধ করায় এই শিশুরা ভীষণ রেগে যায় তাই তারা ঘর থেকে পালিয়ে গিয়ে রোজগার করতে উদ্যত হয়, যাতে করে তারা একটি মোবাইল ফোন কিনতে পারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই তিন শিশুর নাম রোহন সিং চৌহান, রবি এবং প্রত্যুর গৌর। মঙ্গলবার রাতে তারা বাড়ি থেকে পালিয়ে যায়, কারণ তাদের পরিবার-পরিজনের তাদের পাবজি এবং ফ্রী ফায়ার খেলতে বাধা দেয়। বুধবার সারা দিন তাদের বাড়ির লোক তাদের খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান পায়নি। এরপরই তারা পুলিশে খবর দেয় এবং পুলিশ শিশুদের খোঁজে তল্লাসি শুরু করে।
No comments:
Post a Comment