নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর: দীর্ঘ আন্দোলনের মাধ্যমে চোপড়ার হাত চিহ্নকে টিকিয়ে রেখেছিলেন যে মানুষটি; সে মানুষটি অবশেষে বিধানসভা নির্বাচনের মুখে যোগ দিলেন বিজেপিতে। যার কথা বলা হচ্ছে তিনি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি এবং সিপিএম কংগ্রেসের অন্যতম জোট নেতা অশোক রায়।
বুধবার সকালে তিনি জানান, পরিবর্তন আনতে গেলে কংগ্রেসে থেকে সম্ভব নয়। এমনকি এই দলে থেকে বিরোধীদের সঙ্গে লড়াই করাও সম্ভব নয়। তাই প্রয়োজন বিকল্প অন্য শক্তির। আর তাই বিজেপিকে অন্যতম শক্তি হিসেবে বেছে নিয়ে প্রায় তিন হাজার কর্মী সমর্থক নিয়ে যোগদানের কথা জানান তিনি। এতে এলাকায় বিজেপি আরো শক্তিশালী হবে এবং সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লড়াই করতে পারবে বলে জানান।
অন্যদিকে বিজেপির জেলা সহ-সভাপতি সুরজিৎ সেন জানান ,এটি সঠিক খবর। চোপড়ায় তাদের শক্তি আরো বৃদ্ধি পেতে চলেছে। অশোক রায়ের নেতৃত্বে এ দিন কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে তাদের দলে যোগদানের কথা তিনি জানিয়েছেন। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি এবার ভালো ফল করবে এবং এই লড়াই আরও তারা ভালোভাবে করতে পারবেন বলে জানিয়েছেন তিনি।
এই দলবদলের ঘটনা স্বীকার করে নিয়ে জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, 'আমাদের ব্যর্থতা ওকে টিকিট দিতে পারিনি। তবুও যাতে দলবদল না করে তার জন্য দীর্ঘ সময় ধরে তাকে বোঝানো হয়েছে। তবুও তিনি রাজি হননি ।অন্য দলে চলে যাওয়ার সিদ্ধান্তে অনড় থেকেছেন। এক্ষেত্রে আমাদের কিছু করার ছিল না।'

No comments:
Post a Comment