প্রেসকার্ড নিউজ ডেস্ক: প্রজাতন্ত্র দিবসে রাজধানী শহরে কৃষকদের ট্র্যাক্টর মার্চ চলাকালীন সহিংসতার ঘটনায় দিল্লি পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে। দিল্লী পুলিশের বিশেষ সেল মোস্ট ওয়ান্টেড মনিন্দর সিংকে গ্রেপ্তার করেছে, যিনি লাল কেল্লায় উপদ্রব করেছিলেন। তথ্য মতে, মনিন্দর সিং ওরফে মনি দিল্লির স্বরূপ নগরের বাসিন্দা। পুলিশ জানায়, মনির বয়স ত্রিশ বছর।
লাল কেল্লায় বিক্ষোভের একটি ভাইরাল ভিডিওতে মনিন্দর সিংকে তরোয়াল চালাতে দেখা যায়। গ্রেপ্তারের পর পুলিশ তার বাড়ি থেকে দুটি তরোয়ালও উদ্ধার করেছে। অভিযুক্ত মনিন্দর সিং ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে কট্টর হয়ে উঠেছিলেন। দিল্লি পুলিশ জানায়, আসামি প্রায়ই সিংহু সীমান্তে যেতেন। জিজ্ঞাসাবাদকালে তিনি জানিয়েছেন যে তিনি সিংহু সীমান্তে কৃষকদের বক্তব্য শুনতেন।
মঙ্গলবার দিল্লির প্রীতমপুরায় একটি বাস স্টপ থেকে মনিকে গ্রেপ্তার করেছে স্পেশাল সেল। মনি পুলিশকে জানিয়েছে যে তিনি তার এলাকার আরও ছয়জনকে উস্কে দিয়েছিলেন। তারা সবাই মোটরসাইকেলে করে কৃষকদের ট্র্যাক্টর সমাবেশে যোগ দিয়েছিল। মণিন্দর সিং তার সঙ্গীদের নিয়ে ট্র্যাক্টর সমাবেশে যোগ দিয়ে লাল কেল্লায় প্রবেশ করেছিলেন। তিনি লাল কেল্লায় তরোয়াল চালিয়ে অন্য প্রতিবাদকারীদের উস্কে দেন। অভিযুক্ত স্বরূপ নগর এলাকার একটি ফাঁকা প্লটে তরোয়াল চালানোর প্রশিক্ষণও দিচ্ছিল।

No comments:
Post a Comment