নিজস্ব সংবাদদাতা, উওর ২৪ পরগনা: বারাসাতের নতুনপুকুরে কুকুরকে পিটিয়ে মারার পরেও মৃত কুকুরের ওপরে অত্যাচার ও নৃশংসতা ঘিরে উত্তেজনা এলাকায়। সোমবার রাতে রাস্তার একটি ক্ষিপ্ত কুকুর একাধিক লোককে কামড়াতে শুরু করলে এলাকার আতঙ্কিত লোকজনও ক্ষিপ্ত হয়ে ওঠে। দল বেঁধে কুকুরটিকে পিটিয়ে থেঁতলে মারা হয় কিছুক্ষণের মধ্যেই । কিন্তু একদল অতি উৎসাহী জনতা মরে যাওয়ার পরেও নৃশংস ভাবে মৃত কুকুরটিকে মারতে থাকে। নিহত প্রাণীর ওপরেও অত্যাচারে ক্ষুব্ধ বেশ কিছু মানুষ এই ঘটনার প্রতিবাদ করায় দু দলের মধ্যে বাদ-বিবাদ ও ধাক্কধাক্কি শুরু হয়।
এলাকাবাসী জানিয়েছে, কুকুরটি পাগল হয়ে অন্তত পাঁচজনকে কামড়েছে। তার ফলে মানুষ রাস্তার কুকুরটিকে মেরেছে। স্থানীয় বাসিন্দা লক্ষ্মী ব্যানার্জী বলেন, যেভাবে কুকুরটি মানুষজনকে আক্রমণ করছিল তার ফলে মানুষ ক্ষেপে উঠে কুকুরটিকে পিটিয়ে মারে সবাই। কিন্তু বেশ কিছু মানুষ আবার জনতার এরকম নৃশংস আচরণের পেছনে মানবোচিত শুভবুদ্ধির অভাব দেখতে পাচ্ছেন। তাঁরা জানিয়েছেন, নিহত জীবটিকে ঘিরে পৈশাচিক উল্লাসের প্রতিবাদ করতে গিয়ে তাঁদের কুকুর নিধনকারীদের হাতে প্রাথমিক ভাবে আক্রান্ত হতে হয় । তাই তাঁরা নিশ্চুপ হতে রাজী ছিলেন না।
নিজেদের বক্তব্যের সর্মথনে তাঁরা একটি ভিডিও ফুটেজ দেখিয়ে তাঁদের প্রতিবাদ করার কারণ জানিয়েছেন । ভিডিও ফুটেজে ঘটনার বেশ কিছু পরেও মৃত কুকুরের ওপরে একটানা প্রহার করার উল্লাসের প্রকাশ দেখা গিয়েছে। কুকুর-হত্যাকারী ও প্রতিবাদীদের মধ্যে উত্তেজনা চলে রাতে বেশ কিছুসময়। এলাকা উত্তপ্ত হয়ে ওঠে ।
উত্তেজনা প্রশমিত হলেও এনিয়ে পশুপ্রেমীরা তাঁদের ক্ষোভ জানিয়েছেন । তাঁদের মতে, উন্মত্ত কুকুর ও সাধারণ মানুষের একাংশের মধ্যে বিশেষ পার্থক্য নেই । পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বলশালী মানুষ নির্বিচারে, অনেক ক্ষেত্রেই কুকুরকে মারধর করে ক্ষেপিয়ে তোলে । তাঁদের আরও অভিযোগ, কুকুর পাল্টা আক্রমণ করলে পাগল না হলেও নিরীহ অবলা কুকুরকে পিটিয়ে মেরে ফেলতে সিদ্ধহস্ত বেশ কিছু মানুষ এবং বারাসতের নতুনপুকুরে মৃত কুকুরের ওপরে যে বর্বরতা দেখানো হয়েছে তার নিন্দার ভাষা নেই।

No comments:
Post a Comment