নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর: সোমবার গভীর রাতে হরিরামপুর থানার পুলিশের পেট্রোলিং চলাকালীন হরিরামপুরের নালন্দা নামক একটি বেসরকারি প্রাথমিক স্কুলের কাছে একটি বাইক দেখতে পান কর্তব্যরত অফিসার। সেই পরিত্যক্ত বাইক দেখে অফিসার এবং কর্তব্যরত সহকর্মীরা সেই বাইকের কাছে যেতেই কর্তব্যরত অফিসার বুঝতে পারেন যে, সেখানে এক বা তার বেশি ব্যক্তিরা উপস্থিত থাকতে পারেন। সেই মোতাবেক পুলিশ ধাওয়া করলে বাকিরা পালিয়ে গেলেও ধরা পড়ে যায় তিন যুবক।
এই তিনজন যুবক কলকাতার বাসিন্দা। যুবকদের নাম শাহিল শাহ, বয়স আনুমানিক বাইশ বছর, বাড়ী কলকাতার গুয়া বাগান এলাকায়। অপর দুজন মোহাম্মদ ফারাজ, বয়স আনুমানিক আঠারো বছর ও মোহাম্মদ ফেকু, বয়স আনুমানিক ছাব্বিশ বছর। এদের দুজনের বাড়ী কলকাতার নারকেলডাঙ্গা এলাকায়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় হরিরামপুর এলাকাজুড়ে।
হরিরামপুর থানা সূত্রে জানা যায়, তাদের কাছ থেকে মোবাইল ফোন নগদ কিছু টাকা ও একটি অস্ত্র তার সাথে একটি মোটর বাইক উদ্ধার হয়। আজ ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হবে। ঠিক কি কারণে কলকাতা থেকে ওই যুবকরা হরিরামপুরে এসেছিল তা খতিয়ে দেখছে হরিরামপুর থানার পুলিশ।

No comments:
Post a Comment