নিজস্ব প্রতিনিধি, হাওড়া: 'তৃণমূলের সরকার থাকলে ভবিষ্যতে দুর্গা পূজা বন্ধ হয়ে যাবে। পশ্চিমবঙ্গের অবস্থাও ঢাকা শহরের মতোই হবে।' হাওড়া শহরে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এপিজি মেমোরিয়াল অ্যাসোসিয়েশনের দুর্গা পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই আশঙ্কা প্রকাশ করলেন ভারতীয় জনতা পার্টির সাধারণ রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। তিনি দাবী করেন, অতীতের একটা সময়ে এই বাংলার চেয়েও বেশি দুর্গা পুজো হতো ওপার বাংলার ঢাকা শহরে। কিন্তু আজকে সেই শহরেই হাতে গোনা কয়েকটি পুজো হয়। তিনি তার আশঙ্কা প্রকাশ করেন, এই সরকার যদি ক্ষমতায় থেকে যায় তাহলে অদূর ভবিষ্যতে এই রাজ্যেও দুর্গা পুজো কমতে থাকবে।
পাশাপাশি তার আরও অভিযোগ, এই রাজ্যে এক সময়ে মহরমের জন্য দুর্গা পুজোর ভাসান অব্দি বন্ধ করে দেওয়া হয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে সরকার ভাসান করতে দিতে বাধ্য হয়। তিনি আরও অভিযোগ করেন, এই রাজ্যে রাম নবমীর মিছিলে অস্ত্র হাতে গেলে তাকে গ্রেফতার করা হয়। অথচ মহরমের তাজিয়ায় অস্ত্র নিয়ে মিছিল করলে পুলিশ ব্যবস্থা নেয় না।
তিনি আরও বলেন, দুর্গা পূজার সাথে রাজনীতির কোনও সম্পর্ক নেই। অতীতেও বিজেপির কর্মীরা অনেকে দুর্গা পূজার সাথে যুক্ত ছিলেন, আজকেও আছে। তিনি দাবী করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী যিনি এই আন্তরিকতার সাথে বাঙালির উৎসবে নিজেকে নিবিড় ভাবে যুক্ত করলেন। এর আগে কোন প্রধানমন্ত্রী এটা করেননি। দুর্গা পুজো মানুষের সাথে যুক্ত হওয়ার একটি মাধ্যম তাই দুর্গা পুজোতে কলকাতা হাই কোর্টের রায়ের নির্দেশ অনুযায়ী তারা এই পুজো ভার্চুয়ালি উদ্বোধন করলেন। প্রধানমন্ত্রী মহা ষষ্ঠীর দিনে মায়ের বোধন করলেন।

No comments:
Post a Comment