প্রয়াত বিজেপি বিধায়কের মৃত্যু মামালায় চার্জশিট দাখিল সিআইডির - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 12 September 2020

প্রয়াত বিজেপি বিধায়কের মৃত্যু মামালায় চার্জশিট দাখিল সিআইডির


নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরহেমতাবাদের প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যু মামলায় শনিবার চার্জশিট দাখিল করল সিআইডি। প্রয়াত বিজেপি বিধায়কের স্ত্রী চাঁদিমা রায়ের অভিযোগের ভিত্তিতে মৃত্যুর তদন্ত শুরু করে পুলিশ। পরবর্তীতে এই মামলা সিআইডি'র হাতে তুলে দেয় রাজ্য সরকার। 

এই ঘটনায় সি আই ডি নিলয় সিংহ  ও মাবুদ আলি নামে দুজনকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, প্রতারনার মামলার ৩৪ আই পি সি ৩০৬/৪২০/১২০ ধারা লাগু করে শনিবার রায়গঞ্জ আদালতে চার্জশিট দাখিল করেছে সিআইডি। যদিও সিআইডি'র এই চার্জশিট দেওয়া নিয়ে সন্তুষ্ট নন প্রয়াত বিজেপি বিধায়কের স্ত্রী চাঁদিমা রায় এবং তাঁর দল বিজেপি।  ঘটনার সিবিআই তদন্তের দাবী করেছেন তাঁরা।

গত ১৩ জুলাই বাড়ী থেকে কিছুটা দূরে বালিয়ামোড় এলাকায় একটি বন্ধ থাকা মোবাইলের দোকানের বারান্দায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি। পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা বলে জানালেও  মৃত বিধায়কের স্ত্রী  চাঁদিমা রায় খুনের লিখিত অভিযোগ দায়ের করেন। প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃতদেহের জামার পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। তাতে নিলয় সিংহ ও মাবুদ আলি নামে দুজনকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করে যান প্রয়াত বিধায়ক। 

এদিকে বিজেপি বিধায়কের হত্যার ঘটনার প্রতিবাদে হেমতাবাদে ছুটে আসেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। সিবিআই তদন্তের দাবীতে ব্যাপক আন্দোলন শুরু করে বিজেপি। ঘটনার কিছুদিন পর বিজেপি বিধায়কের মৃত্যুর ঘটনার তদন্তের ভার সিআইডি'র হাতে তুলে দেয় রাজ্য সরকার। এরপর সিআইডি প্রয়াত বিধায়কের সুসাইডাল নোটে উল্লিখিত নিলয় সিংহ ও মাবুদ আলিকে গ্রেফতার করে। শুরু হয় জিজ্ঞাসাবাদ ও তদন্তের কাজ। ঘটনার দুমাসের মাথায় শনিবার বিজেপি বিধায়কের মৃত্যুর ঘটনার চার্জশিট দাখিল করল সিআইডি।  

সিআইডি'র দেওয়া চার্জশিট নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন প্রয়াত বিধায়কের স্ত্রী চাঁদিমা রায়।  তিনি বলেন, 'আমার স্বামীকে খুন করা হয়েছে,  আমি খুনের মামলা দায়ের করেছিলাম। কিন্তু সিআইডি যে চার্জশিট দখল করেছে সেটা ঠিক নয়। তদন্ত সঠিক হচ্ছে না বলে অভিযোগ করেন চাঁদিমা দেবী। বিজেপির জেলা নেতা তথা আইনজীবী গোপাল মজুমদার বলেন,  পরিবারের পক্ষ থেকে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করা হয়েছিল। কিভাবে সিআইডি এটিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা করে চার্জশিট দিল। তাঁর অভিযোগ, যেহেতু একজন বিজেপি বিধায়কের মৃত্যু হয়েছে তাই তড়িঘড়ি করে একটি চার্জশিট দাখিল করেছে সিআইডি।  আমাদের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব বিষয়টি দেখভাল করছেন। তবে সিআইডি'র এই চার্জশিটে খুশী নয় কেউ। 

No comments:

Post a Comment

Post Top Ad