একটানা বৃষ্টির জেরে জলমগ্ন শহরতলী। সব থেকে খারাপ অবস্থা পূর্ব কলকাতার। জলের তলায় রয়েছে টেংরা, সায়েন্সসিটি মোড় সহ আলিপুর বডিগার্ড লাইন থেকে থেকে শুরু করে বেহালা সত্যজিৎ পার্কও। যার জেরে যাতায়াতের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওইসব এলাকার। এই সমস্যার সমাধানে এদিন এগিয়ে আসেন এলাকাবাসীরাই। নিজেদের উদ্যোগেই বের করেন নৌকা। তবে শুধুমাত্র এলাকাবাসীর সাহায্যার্থে নয়, ঐ সমস্ত এলাকায় যে সমস্ত অফিস কাছারি রয়েছে, সেই সমস্ত অফিসের কর্মচারীদের নৌকায় করে নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে দেওয়া হয়।
এই দুর্ভোগের জন্য কলকাতা পুরসভার গাফিলতির দিকেই এদিন আঙুল তোলেন এলাকার বাসিন্দারা। যদিও এই অভিযোগ মানতে নারাজ পুর কর্তৃপক্ষ। নির্দিষ্ট এলাকাগুলিতে জল জমার জন্য ওইসব এলাকায় গজিয়ে ওঠা অবৈধ চামড়া কারখানা গুলোকেই দায়ী করেছে পুর কর্তৃপক্ষ।
এ বিষয়ে কলকাতা পুরসভার নিকাশি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মণ্ডলীর সদস্য তারক সিং বলেন, 'সরকার থেকে অনেকবার অবৈধ চামড়া কারখানাগুলি বন্ধ করে দিয়েছে। আবারও অবৈধ কারখানাগুলি গজিয়ে উঠেছে বেশ কিছু জায়গায়। নির্দিষ্ট এলাকাগুলিতে খোলা ড্রেন হওয়ায় আশপাশের রেস্তরাঁ, কারখানা থেকে সমস্ত আবর্জনা সেখানে এসে মেশে । ফলে নিকাশি নালা বন্ধ হয়ে যাচ্ছে এবং জল জমার সমস্যা তৈরি হচ্ছে।' যদিও নিকাশি নালার কাজ শুরু হয়েছে বলেই জানান তিনি। তবে এতে কতটা সমস্যার সমাধান হবে সে বিষয়ে অবশ্য সংশয় প্রকাশ করেছেন তারক সিং। এই সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও দরবার করা হবে বলে জানান তিনি।

No comments:
Post a Comment