নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরসভার কর্মী ও আধিকারিকদের জন্য নিয়মিত সোয়াব বা লালারসের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। পুরসভার সদর দফতরের সামনে রক্সি সিনেমা হলে সেই লালারস নমুনা সংগ্রহের স্থায়ী কেন্দ্র করা হয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত পুর কর্মী ও আধিকারিকরা বিনামূল্যে লালারসের নমুনা পরীক্ষা করতে পারবেন। আগামী শুক্রবার থেকে এই নমুনা সংগ্রহের কাজ শুরু হবে।
এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানান, "এখন যেহেতু সংক্রমণ ছড়িয়েছে তাই নিরাপত্তার কারণেই এই ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পুরসভার প্রত্যেক কর্মীকে আর্সেনিকাম এলবাম ওষুধ দেওয়া হয়েছে। সেই ওষুধ ওই কর্মী এবং তার বাড়ীর লোক খেতে পারবেন।" ইতিমধ্যেই কলকাতা পুরসভার বিভিন্ন বিভাগের ১২ থেকে ১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্ক গ্রাস করেছে পুরসভার অন্দরে। ভয়ের মধ্যেই কাজ করছেন কর্মী-আধিকারিকেরা। সেই কারণে এবার বিনামূল্যে সোয়াব টেস্টের ব্যবস্থা করছে পুর-কর্তৃপক্ষ।
অন্যদিকে আনন্দপুর কলকাতা পুরসভার যে সেফ হোম তৈরি হয়েছে সেখানে আপাতত ৪০০ শয্যা রয়েছে। তিনি জানান আনন্দপুরের ওই সেফ হোমে পঞ্চাশটি শয্যা পুরসভার যে সকল কর্মীরা করোনা পরিস্থিতিতে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন তাদের জন্য বরাদ্দ থাকবে।পরবর্তীকালে তা বাড়িয়ে ৭০০করা হবে বলে জানান ফিরহাদ। পাশাপাশি, এদিন সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে পুরসভায় মুখ্য প্রশাসকের ঘরের সামনে থেকে সমস্ত বসার আসন সরিয়ে দেওয়া হয়েছে।

No comments:
Post a Comment