নিজস্ব সংবাদদাতা, মালদা: পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত মালদার মানিকচক ব্লকের উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত প্রধানের স্বামী আতাউর রহমান ও উপপ্রধান সমর মন্ডলকে মারধরের অভিযোগ। কংগ্রেসের নেতৃত্বে মারধর চালানো হয়েছে বলে অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের। পঞ্চায়েতের লোকেরাই প্রথমে হামলা চালাতে আসে, প্রতিরোধ করে কংগ্রেস, বলে দাবী জেলা কংগ্রেস নেতৃত্বের।
তৃণমূলের মালদা জেলার সাধারণ সম্পাদক দেবপ্রিয় সাহা বলেন, "কংগ্রেস, বিজেপি, সিপিএম ওখানে একত্রিত হয়ে নিরীহ শ্রমিকদের উস্কানি দিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমাদের প্রধানের স্বামী উপপ্রধানকে খুন করার চেষ্টা করেছে। আমরা থানায় অভিযোগ জানিয়েছি, ব্যবস্থা নিতে বলেছি।
এ নিয়ে নিয়ে কংগ্রেসের মালদা জেলা সাধারণ সম্পাদক কালী সাধন রায় বলেন, 'ওখানে শ্রমিকদের সাথে রাসুলের টোকেন বিলীন নামে প্রতারণা চলছিল বেশ কিছুদিন ধরে। আমাদের কংগ্রেসের স্থানীয় নেতারা শ্রমিকদের হয়ে প্রতিবাদ করে। সেই সময় পঞ্চায়েত প্রধানের স্বামী ও উপপ্রধান তাদের মারতে আসে। পাল্টা প্রতিরোধ করলে তারা আহত হয়। এই প্রতিরোধ চলবে।'
এই ঘটনায় কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে বিজেপি। বিজেপির মালদা জেলার সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, 'এই রাজ্যে তৃণমূলের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে বিজেপি শিখিয়েছে। সারা রাজ্য জুড়ে বিজেপি প্রতিরোধ করছে। এখানে কংগ্রেস যা করেছে সঠিক কাজ করেছে। যেখানে যেখানে এ ধরনের প্রতারণা হবে, সেখানে সেখানে প্রতিরোধে বিজেপি নামবে।
এদিকে উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ভুতনি থানার পুলিশ।

No comments:
Post a Comment