স্বাস্থ্য দফতরের অনুমতি ছিল। সেই মতই জলপাইগুড়ি সদর হাসপাতালে শুরু হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তর হিন্দি ছবি ‘বাঁশুরি’র শুটিং। তবে রোগী ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভের জেরে বুধবার সেই ছবির শুটিং বন্ধ করে দেন অতিরিক্ত জেলা প্রশাসক সুনীল আগরওয়াল।
জানা যাচ্ছে, গত ২৫ মে থেকে ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে তাঁর আগামী ছবি ‘বাঁশুরি’ শুটিং শুরু করেছিলেন পরিচালক হরি বিশ্বনাথ। ২৯ মে বুধবার সকাল ৯টা থেকে জলপাইগুড়ির লেপ্রসি বিভাগের সামনে চলছিল ছবির শুটিং। অভিযোগ, রাস্তা আটকে শুটিং চলায় সমস্যা হচ্ছিল, পাশাপাশি শুটিং দেখতে উৎসুক মানুষের ভিড়ে সমস্যায় পড়তে হচ্ছিল হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীদের। পাশাপাশি স্বাভাবিক কাজকর্মে সমস্যায় পড়তে হচ্ছিল হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের। অভিযোগ স্বাস্থ্যকর্মীরা সকাল ১০টা অফিসে এসেও ভিতরে ঢুকতে পারেননি। চিকিৎসায় সমস্যা হচ্ছিল প্রসূতি বিভাগেও। দিকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ছবির শুটিংয়ের অনুমতি দেওয়ার বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জগন্নাথ সরকার জানান, তিনি সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্তই শুটিংয়ের অনুমতি দিয়েছিলেন। যদিও সেই নির্দিষ্ট সময়ের পরেও শ্যুটিং চলছিল বলে অভিযোগ। যদিও হাসপাতালে ছবির শুটিং বন্ধ হলেও জলপাইগুড়ির অন্যান্য প্রান্তে এখনও ছবির শ্যুটিং চলছে বলে খবর। পরিচালক হরি বিশ্বানাথের এই ছবিতে ঋতুপর্ণার বিপরীতে দেখা যাবে অনুরাগ কাশ্যপকে। যদিও এইদিন জলপাইগুড়ির শুটিংয়ে উপস্থিত ছিলেন না অনুরাগ। জানা যাচ্ছে সিঙ্গল মাদার ও তাঁর ছেলেকে নিয়েই এগোবে ছবির গল্প। প্রসঙ্গত এই প্রথমবার অনুরাগ কাশ্যপের সঙ্গে জুটি বাঁধছেন ঋতুপর্ণা।
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2KdKEa3

No comments:
Post a Comment