
আপনি কি বিজেপিতে যাচ্ছেন? রহস্য বাড়ালেন জ্যোতিপ্রিয় নিজেই। মধ্যমগ্রামঃ আপনি কি বিজেপিতে যাচ্ছেন? মঙ্গলবার মধ্যমগ্রামে তৃণমূলের কোর কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রহস্য বাড়ালেন খোদ জ্যোতিপ্রিয় মল্লিক। সোজাসাপটা উত্তর না দিয়ে কথার জালে তিনি প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করলেন। আর তাতেই বাড়ল জ্যোতিপ্রিয়র বিজেপিতে যোগদানের জল্পনা। মঙ্গলবার মধ্যমগ্রামে দলের জেলা কার্যালয়ে তৃণমূলের কোর কমিটির বৈঠক ছিল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। পাশের ছিলেন মন্ত্রী তাপস রায়, বিধায়ক পার্থ ভৌমিক, মদন মিত্ররা। সাংবাদিকরা বলেন, অর্জুন সিং আজ একটি ফাইল দেখিয়ে দাবি করেছেন, জ্যোতিপ্রিয় মল্লিকও বিজেপিতে যোগ দিতে চাইছেন। আপনি কি সত্যিই বিজেপিতে যাচ্ছেন? প্রথমবার কোনও উত্তর দেননি জ্যোতিপ্রিয়। পরে জ্যোতিপ্রিয়কে আবার প্রশ্ন করা হয়, আপনি কি সত্যিই বিজেপিতে যাচ্ছেন? জ্যোতিপ্রিয় সরাসরি কোনও উত্তর দিলেন না। ভাষার জালে প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করলেন। বললেন, 'ওরা উত্তর ২৪ পরগনাকে টার্গেট করেছে। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। ধমকে কিছু হবে না।' কিন্তু তিনি বিজেপিতে যাচ্ছেন কি না, সে প্রশ্নের সরাসরি উত্তর মিলল না। বরং বিধ্বস্ত জ্যোতিপ্রিয় সাংবাদিকদের প্রশ্ন এড়াতে তাপস রায়কে এগিয়ে দিলেন। জ্যোতিপ্রিয়র হয়ে ব্যাট ধরলেন তাপসই। ততক্ষণে কর্মী মহলে গুঞ্জন, 'বালুদাকে আজ বড্ড দিশেহারা লাগছে।' বাইরে তখন এক মহিলা নেত্রী চিৎকার জুড়ে দিয়েছেন, 'আমাকে বিজেপির গুপ্তচর বলা হত। দলে বিজেপির গুপ্তচর অনেকে আছে।' তিনি কাকে উদ্দেশ্য করে বলছেন, সেটা অবশ্য বলেননি। #JotypriyoMallik#TMC#BJP#BongPolitics
No comments:
Post a Comment